বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে পল্টনে সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

আজ বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হায়াতুল ইসলাম খান জানান, আমরা (ডিএমপি) আগের সিদ্ধান্তেই আছি। বিএনপিকে পল্টনে সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি। তবে আলোচনা করে (মাঠের বিষয়ে) সমাধান হতে পারে।

মতিঝিল বিভাগের ডিসি জানান, বিএনপিকে গতরাতেও সোহরাওয়ার্দীতে গণসমাবেশের কথা বলা হয়েছে। সেখানে কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। পল্টনে উন্মুক্ত স্থানে সমাবেশ করতে দেওয়া হবে না। অনুমতি ছাড়া কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না।

এক প্রশ্নের জবাবে হায়াতুল ইসলাম জানান, একদিন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে রাজধানীর বিভিন্ন স্পটে ঘুরে দেখেছি। সে সময় পল্টন ও আরামবাগের আশপাশের রাস্তায় সমাবেশের অনুমতির জন্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আমরা সেটি নিষেধ করে দিয়েছি।

এবিএস