ছাত্রলীগই আওয়ামী লীগের জন্য বিষফোঁড়া বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক জনসভায় বলেছেন ২০ দল দেশের জন্য বিষফোঁড়া। এ বক্তব্যর প্রতিক্রিয়ার তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার দুপুরে নাসিরাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আকবর হোসেন মির্জা আব্বাসকে শুভেচ্ছা জানাতে এলে শাহজাহানপুরের নিজ বাসায় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ছাত্রলীগকে সামলান। আমাদের রাস্তায় এমনকি ঘরের মধ্যেও কথা বলতে দেয়া হচ্ছে না। অথচ শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পুলিশের সামনেই ছাত্রলীগ ছাত্রলীগকে হত্যা করেছে।

তিনি বলেন, অহিংস আপন্দোলনের মাধ্যমে এ সরকারকে জনগণ পতন ঘটাবে। আন্দোলন জনগণের মধ্যে থেকে উঠে আসে আর সে আন্দোলনে একজন বা একটি দল নেতৃত্ব দেয়। রাস্তায় নামার আগেই পুলিশ দিয়ে সরকার হুমকি ধামকি গুলি দিয়ে সভা সমাবেশ বন্ধ করে দেয়।

কথা বলতে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতিবিদদের রাজনীতি করতে দিন।

বিএনপির এই শীর্ষ নেতা বলে, ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সরকার সমাবেশ করতে দেয়নি। এ সমাবেশে যে জনসমাগম হবে তা সামাল দিতে পারবে না ভেবেই অনুমতি দেয়নি। বেগম জিয়ার বিভিন্ন সমাবেশে ব্যাপক লোক সমাগম প্রমাণ করে জনগণ আওয়ামী লীগের সঙ্গে নেই।

জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করে আব্বাস বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা নয়নকে আকরাম হোসেন পক্ষে কাজ করায় সরকারের লোকেরা বাসা থেকে ডেকে নিয়ে গুম করে হত্যা করেছে। 

তিনি নব নির্বাচিত চেয়ারম্যান আকরাম হোসেনকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন এটি একটি ছোট নির্বাচন হলেও জনগণ সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে। সুষ্ঠ নির্বাচন হলে জাতীয় নির্বাচনেও জনগণ এ সরকারের বিরুদ্ধে রায় দিবে।

এমএইচ/এএইচ