বর্তমান সরকার দেশের জনগণকে ভয় পায় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, সরকার শুধু জনগণকে নয়, দেশের সবচেয়ে ক্ষমতাশালী নেত্রী বেগম খালেদা জিয়াকেও ভয় পায়।
আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশের এখনকার বাস্তবতার আলোকে আমার বিশ্বাস হয় না খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো। এটাই বাস্তবতা, এটাই কঠিন সত্যি। বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতি কী, তা পর্যালোচনা করেই আমাদের ঠিক করতে হবে আমরা কীভাবে খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো।
বিএনপির এই নেতা বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। আজ যদি দেশে সেই গণতন্ত্র অনুপস্থিত থাকে, তাহলেই কেন কোটি কোটি মানুষ বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল?
তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা কোনো অগণতান্ত্রিক পরিবর্তন চাই না। শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন করতে চাই। আজকে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে গণতান্ত্রিকভাবেই এগোতে হবে। দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ অস্বাভাবিক আচরণ করে।
সভায় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা আছে এবং দল যদি ঠিকভাবে নেতৃত্ব দেয় তাহলে খালেদা জিয়া বীরের বেশে জেল থেকে বেরিয়ে আসবে। মূলত বিএনপি নেতাদের এই সিদ্ধান্ত নিতে হবে।
এএস





