বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ‘নিখোঁজে’র ৮দিন পর উদ্বেগ প্রকাশ ও নিন্দা-প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর বিএনপি।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বুধবার বিকেলে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল এ উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানান। এটি পাঠিয়েছেন মহানগর মির্জা আব্বাসের প্রেস সচিব জাহাঙ্গীর আলম মিন্টু।
বিবৃতিতে বিএনপির দুই নেতা বলেন, ‘বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নেওয়ার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। একই সঙ্গে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তারা দাবি করেন, অবিলম্বে সালাহ উদ্দিনকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় তার পরিবারের কাছে ফেরত দিতে হবে। নইলে এর পরিণতি শুভ হবে না। অন্যথায় এ জন্যে একদিন তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
তারা বলেন, ‘১৯৭৪ সাল থেকে বাংলাদেশে ভয়ঙ্কর গুমের রাজনীতি আওয়ামী লীগ শুরু করেছে। রাজনীতির সকল স্বাভাবিক গতি পদদলিত করে সরকার যে নজির স্থাপন করেছে, তা মানবাধিকারের জঘন্যতম লঙ্ঘন। আন্দোলন ঠেকাতে যে হামলা-মামলা, নির্যাতন ও গুম চলছে তা একনায়ক হিটলারের নাৎসীবাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে।’
আব্বাস ও সোহেল বলেন, ‘সরকারের জনসমর্থন শূন্যের কোঠায়। জনসমর্থহীন অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে গুমের রাজনীতি শুরু করেছে। এর আগে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমসহ অসংখ্য নেতাকর্মীকে গুম-হত্যা করা হয়েছে। আমরা জানি না, গত ৮ দিনে সালাহ উদ্দিনের ভাগ্যে কী ঘটেছে?’ একজন জাতীয় নেতাকে তুলে নেওয়া হলেও সরকার এ নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন তারা।
সরকারের উচ্চমহল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের দেওয়া বক্তব্যকে অমানবিক, নিষ্ঠুরতম পরিহাসমূলক বক্তব্য অভিহিত করে তারা আরও বলেন, ‘তাদের এ সব বক্তব্য অত্যন্ত দুঃখজনক। এর নিন্দা করার ভাষাও আমাদের নেই।’
নেতারা বলেন, ‘সরকারকে বলব গণদাবি মেনে গুম-খুনের রাজনীতি ছেড়ে সংলাপের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে সকলের অংশগ্রহণের নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় পৃথিবীর সকল স্বৈরশাসকের মতো বর্তমান সরকারকেও করুণ পরিণতি ভোগ করতে হবে।’
মহানগর বিএনপির শীর্ষ এ দুই নেতা বিবৃতিতে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকেও একই কায়দায় আইনশৃঙ্খলা বাহিনী ধানমণ্ডি থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন।
এমএইচ





