যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায় রাজনীতিকদের জন্য সতর্কবার্তা। এ কথাটি আজ সত্য যে দেশে আইনের শাসন ক্রমশ প্রতিষ্ঠিত হচ্ছে।
আগামী ৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের মহাসমাবেশ সফল করার লক্ষে শনিবার বিকেলে ঢাকা মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে আয়োজিত এক বর্ধিত সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
ওমর ফারুক বলেন, আওয়ামী লীগ তার গঠনতন্ত্রে দুর্নীতিবাজদের প্রবেশ নিষিদ্ধ করেছে। আর বিএনপি এই তো সেদিন তাদের গঠনতন্ত্র সংশোধন করে দুর্নীতিবাজদের জন্য উন্মুক্ত করেছে।
যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, ভুলে যেতে হবে আমাদের সব কোন্দল। আমাদের সব বিভেদের রেখা মুছে ফেলতে হবে। মনে রাখতে হবে আমার আপনার অনেক দোষ আছে। সেটি একে অন্যকে সহ্য করতে হবে। শুধুমাত্র কর্মী সমর্থক, সংগঠক, শুভাঙ্কাখিদের মধ্যে মতভেদ দূর করতে পারলেই বাজিমাত করা সম্ভব।
তিনি বলেন, সেই কাঙ্খিত পরিবেশ সৃষ্টি করতে না পারলে সব আশা-আকাঙ্খা বিফলে যাবে। সকল উন্নয়ন স্থবির হয়ে যাবে। শুধু সমর্থন নয়, পরামর্শও চাইতে হবে। কি পেলাম আর কি পেলাম না, সেই হিসেবের খাতা বন্ধ রাখতে হবে। পার্টির বিভাজন ভেঙে দিতে হবে। সবার মাঝের দূরত্ব কমিয়ে বন্ধুত্ব করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ শাখার সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় সভায় আরও বক্তৃতা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর দক্ষিণ শাখা সহ-সভাপতি মাইনউদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সরোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু প্রমুখ।
এএস





