আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন ১৫ আগস্ট নয়। তারপরও তিনি জন্মদিন পালন করেন ১৫ আগস্টে; কেক কাটেন।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই। আমরা চাই সবাই মিলে সর্বজনীনভাবে জাতির পিতার মৃত্যু দিবস পালন করতে। এই বিভাজন আমরা চাই না।

তাই বেগম খালেদা জিয়াকে বলেছিলাম আপনি দয়া করে ১৫ আগস্ট আপনার জন্মদিন পালন না করে ১৬ আগস্ট করুন। কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে এই ১৫ তারিখকে বেছে নিয়েছেন জন্মদিন হিসেবে।

তিনি বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা সফল হয় নাই। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে ধ্বংস করা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা উত্তর সিটি করপোরশন মেয়র আনিসুল হক, আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, নজরুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার প্রমুখ।

এমকে