কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন তার স্বজনরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৩ টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে হাসপাতালে প্রবেশ করেন তার পরিবারের সদস্যসহ ৫ স্বজন।
স্বজনদের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা, ভাগ্নি শাহিনা জামান খান, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, বিকাল সোয়া ৩টার দিকে পরিবারের সদস্যরা বিএসএমএমইউর কেবিন ব্লকে প্রবেশ করেছেন। তারা এক ঘণ্টা সেখানে অবস্থান করবেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। রায়ের পর ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে কারাভোগ করছেন। পরে ওই বছরের ৩০ অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট।
শারীরিক অসুস্থতার কারণে ২০১৯ সালের ০১ এপ্রিল থেকে কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন খালেদা জিয়া।
এমবি





