আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, সবকিছু হারিয়ে খালেদা জিয়া এখন অসহায়য়ের মত আবোল-তাবোল বকছে। তার(খালেদা জিয়া) চেয়ে তারেক রহমানের অবস্থা আরও করুন।

বুধবার দুপুরে ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ২৩ জুন আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষ্যে এক জরুরি বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, খালেদা জিয়ার নৈরাজ্যকর আন্দোলন ঠেকাতে র‌্যাব-পুলিশের দরকার নেই। তার(খালেদা জিয়া) আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগের নেতাকর্মীরাই যথেষ্ট।

‘এত র‌্যাব পুলিশ নিয়েও সরকার আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারছে না’ খালেদা জিয়ার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, আপনার(খালেদা জিয়া) শাসনামলে দেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের অভ্যায়রণ্য ছিল। এখন আইন শৃঙ্খলা অতীতের যেকোন সময়ের চেয়ে ভালো।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বাংলাদেশের যা কিছু অর্জন তা আওয়ামী লীগ সরকারের। আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীর সামনে আমাদের এ অর্জনগুলো তুলে ধরা হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

ঢাকা, এমআর, ১৮ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস