জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের মুত্যুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বাংলাদেশ খেলাফত আন্দোলন
খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ, মহাসচিব মাওলানা মুহাম্মাদ জাফরুল্লাহ খান ও সহকারী মহাসবি মাওলানা মুজিবুর রহমান হামিদী এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেছেন, তার ইন্তেকালে জাতি একজন প্রজ্ঞাবান গবেষক, সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিকে হারালো। ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক অধ্যাপক গোলাম আযম তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজ সেবামূলক কর্মকাণ্ডে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তা জনগণের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়েছেন। নেতৃবৃন্দ অধ্যাপক গোলাম আযমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

নেজামে ইসলাম পার্টি
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পক্ষ থেকে শোক প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক গোলাম আযম এদেশের রাজনীতিতে এক উজ্জ্বল ব্যক্তিত্ব। যিনি ভাষা আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের ইসলামী আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। জালেম সরকারের মিথ্যা মামলায় আটক থাকা অবস্থায় তার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

নেজামে ইসলাম নেতবৃন্দ বলেন, অধ্যাপক গোলাম আযমের উপরে এই সরকার যে জুলুম করেছে তার নিন্দা জ্ঞাপনের কোনো ভাষা আমাদের জানা নেই। ইতিহাস একদিন এই নিষ্ঠুরতা, অমানবিকতা ও মানবতাবিরোধী অপকর্মের বিচার করবে। একজন ভাষা সৈনিক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপকার, গণতান্ত্রিক আন্দোলনের নেতা, ইসলামী আন্দোলনের নন্দিত ব্যক্তিত্ব অধ্যাপক গোলাম আযম মানুষের মনের মনিকোঠায় স্মরণীয় হয়ে থাকবেন। দেশের জনগণ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

নেজামে ইসলাম নেতবৃন্দ বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের সব নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করুন। তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন, ভক্ত, অনুরক্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএমএল
গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল-এর ভারপ্রাপ্ত সভাপতি জোবাইদা কাদের চৌধুরী ও মহাসচিব আতিকুল ইসলাম এক বিবৃতিতে বলেন, বিশিষ্ট ইসলামী মনিষী অধ্যাপক গোলাম আযম ছিলেন একজন নিষ্ঠাবান মুসলমান। তার মৃত্যু মুসলিম বিশ্বে এক শূণ্যতার সৃষ্টি করবে।

বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকা মহানগর লেবার পার্টি
লেবার পার্টির মহানগর আহবায়ক সামচুদ্দিন পারভেজ ও সদস্য সচিব মাহমুদ খান এক বিবৃতিতে বলেন, অধ্যাপক গোলাম আযমের ইন্তেকালে জাতি একজন খ্যাতিমান নাগরিককে হারালো। ভাষা আন্দোলনে তার ঐতিহাসিক ভুমিকা দেশবাসী চিরকাল স্মরণ রাখবে।

অ্যারাবিক ফাউন্ডেশন বাংলাদেশ
ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ মুহাম্মদ মোস্তাফিজুর রহমান এক বিবৃতিতে বলেন, বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলনের সফল বর্ষীয়ান নেতা বাংলাদেশের ইক্বামতে দ্বীনের বাস্তববাদী সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ-ডাকসুর সাবেক জিএস ও কেয়ারটেকার সরকার পদ্ধতির রূপকার, ভাষাসৈনিক, বহুগ্রন্থ প্রণেতা অধ্যাপক গোলাম আযম আজীবন দ্বীন-ধর্ম ও দেশের জন্য যে অবিরাম, অসাধারণ ও অনন্য খিদমত আঞ্জাম দিয়েছেন, তা বাংলাদেশসহ বিশ্ববাসী আজীবন স্মরণ করবে। আল্লাহ রব্বুল আলামীনের কাছে কায়মনোবাক্যে দোয়া করি আল্লাহ যেন তাকে ও তার সব খিদমতকে কবুল করেন।