একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর আপিলের দেয়া দণ্ড থেকে খালাস চেয়ে করা রিভিউ আবেদন আরও এক সপ্তাহ পর শুনানির দিন ঠিক করবেন আপিল বিভাগ।
রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে তিন সদস্যের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই আদেশ দেন। অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
রিভিউ পুনর্বিবেচনার দিন ঠিক করার জন্য আজ কার্যতালিকার ১৬ নম্বরে ছিল। নিজামীর আইনজীবী এএসএম শাহজাহানের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নিজামীর রিভিউ শুনানির তারিখ ঠিক করার জন্য সময় আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।
নিজামীর রিভিউ আবেদনে ৬ সপ্তাহ সময় চেয়েছিলেন তার আইনজীবীরা। সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের ব্যাক্তিগত অসুবিধার কারণে সময় চাওয়া হয়। ওই আবেদন গ্রহণ করে আদালত এই আদেশ দেন। এর আগে গত ২৯ মার্চ সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা রিভিউ আবেদন করেন আইনজীবীরা।
রিভিউতে ৭০ পৃষ্ঠার মূল রিভিউ আবেদনের সঙ্গে মোট ২২৯ পৃষ্ঠার নথিপত্রে তার দণ্ড থেকে খালাস চেয়ে ৪৬টি গ্রাউন্ডে যুক্তি তুলে ধরা হয়েছে। রিভিউ আবেদনে অ্যাডভোকেট অন রেকর্ড হলেন আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন তুহিন।
রিভিউ শুনানি করবেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এসএম শাহজাহান। তাদেরকে সহযোগিতা করবেন ব্যারিস্টার নাজিব মোমেন ও এহসান এ সিদ্দিকী।
তার পরের দিন ৩০ মার্চ রিভিউ আবেদনটির দ্রুত শুনানির জন্য আবেদন জানান রাষ্ট্রপক্ষ। ওইদিনই এ আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন মির্জা হোসেইন হায়দারের আদালত।
নিয়ম অনুযায়ী, রিভিউ নিষ্পত্তির আগে তার দণ্ড কার্যকর করা যাবে না। আর রিভিউ খারিজ হয়ে গেলে সেই রায়ের অনুলিপি কারাগারে যাবে এবং কারা কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসামির ফাঁসি কার্যকর করবে।
এর আগে গত ১৫ মার্চ নিজামীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আইন অনুযায়ী পরোয়ানা শোনার পর থেকে নিজামী আপিল বিভাগের চূড়ান্ত পূর্ণাঙ্গ রায়ের রিভিউ আবেদন করতে পারবেন ১৫ দিনের মধ্যে, যার শেষ দিন ছিল ৩০ মার্চ।
তাই নির্ধারিত ১৫ দিন সময় শেষ হওয়ার এক দিন আগেই নিজামীর রিভিউ আবেদন জমা দেন। এর মধ্যে নিজামীর ছেলে নাজীব মোমেনসহ আইনজীবীরা দুইবার এবং পরিবারের পক্ষ থেকে একবার, মোট ৩ বার তার সঙ্গে দেখা করেছেন কাশিমপুর কারাগারে তার স্বজন ও আইনজীবীরা।
গত ৬ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজামীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। গত ১৫ মার্চ আপিল মামলাটির ১৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। এর আগে এ মামলায় ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
এমবি





