মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে ডাকা ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজধানীতে হরতালের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন।
রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান হতে দলীয় নেতাকর্মীরা ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে মিছিল ও সমাবেশ করছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগ, সম্মিলিত আওয়ামী সমর্থক জোট, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে আলাদা আলাদা সমাবেশ করছেন তারা।
সমাবেশে বক্তারা জামায়াতের ডাকা হরতালকে অবৈধ ঘোষণা করে বলেন, দেশের মানুষ এই রাজাকারদের হরতাল প্রত্যাখান করছেন। দেশের কোথাও হরতাল পালন হচ্ছে না। মানবতাবিরোধীদের হরতালে জনগণের সমর্থন নেই।
এ সময় তারা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দাবি জানান।
এদিকে বাস মালিক ঐক্য পরিষদের ব্যানের গুলিস্তানের ফুলবাড়িয়া বিআরটিসি বাস টার্মিণালের সামনে হরতাল বিরোধী মিছিল সমাবেশ করছে।
এমআর/ এআর





