সভা-সমাবেশ গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়েল সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার বলেছেন, দেশের গণতন্ত্রের স্বার্থে প্রত্যেকটি রাজনৈতিক দলকে তাদের নিজস্ব মত প্রকাশের সুযোগ দেয়া উচিত।
তিনি বলেন, ‘মত প্রকাশের অধিকার গণতান্ত্রিক অধিকার। সেজন্য সভা-সমাবেশের মতো সাংবিধানিক অধিকারগুলো করতে দেয়া প্রয়োজন।’
রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়াকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। যদিও তিনি শেষ পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। এ সময় তার সঙ্গে আরও দু’জন শিক্ষক উপস্থিত ছিলেন।
ইউসুফ হায়দার যখন গণমাধ্যকর্মীদের সঙ্গে কথা বলছিলেন, তখন কার্যালয়ের ভেতর থেকে বেশ কিছু মহিলা দলের নেতা স্লোগান দেন। তারা শিক্ষক প্রতিনিধি দলকে ভেতরে আসতে দেয়ার আহবানের পাশাপাশি সরকার বিরোধী নানা ধরনের স্লোগান দেন।
এ সময় সেখানে প্রাক্তন এমপি আশিফা আশরাফী পাপিয়া, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা উপস্থিত ছিলেন।
ইউসুফ হায়দার বলেন, ‘শিক্ষক হিসেবে আমরা মনে করি, বাক স্বাধীনতাকে গলা টিপে হত্যা করা উচিত নয়। এতে দেশ সংঘাতের দিকে যাবে। এটি ঠিক হচ্ছে না। গণতান্ত্রিক অধিকার হরণ হলে দেশ অন্ধাকারের দিকে যাবে।’
এর আগে বিকল্পধারার বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ড. বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসে পুলিশি বাধার মুখে ফিরে যান। এ সময় বদরুদ্দোজা চৌধুরী ৫ জানুয়ারির বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা ‘গণতন্ত্র হত্যা’ দিবসের কর্মসূচিতে সমর্থন জানান।
শনিবার রাত থেকে কার্যালয়ে ভেতরে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই সময়ে মধ্যে দলের শীর্ষস্থানীয় কোনো নেতাকে এখন পর্যন্ত কর্যালয়ের আশপাশে দেখা যায়নি। যদিও বেলা ১২টার কার্যালয়েল পূর্বদিকে বিচ্ছিন্ন একটি মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি কার্যালয়ে অভিমুখে যেতে চাইলে পুলিশের বাধার মুখে শেষ পর্যন্ত ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ সেখান থেকে ৯জনকে আটক করে। যার মধ্যে ৬জন মহিলা রয়েছেন।
এমএইচ/ এআর





