বিএনপির অনেক নেতা সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে স্বীকার করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গতকাল (বৃহস্পতিবার) এক আলোচান সভায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার দেয়া বক্তব্যের জবাব দিতে দলের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলেন, যেই নেতারা বোরকা পরে হাইকোর্টে হাজির হয়েছিলেন, যেই ভারপ্রাপ্ত মহাসচিব চেহারা লুকানোর জন্য হরতালের দিনে হেলমেট পরে ঘুড়ে বেড়ান এবং যেই নেতারা সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন তাদেরকে সাথেনিয়েবেগম খালেদা জিয়া চরম আন্দোলনের হুমকি দিয়েছেন। এতে আমাদের হাসিই পেয়েছে বটে!

তিনি বলেন, আমরা আশা করেছিলাম বেগম খালেদা জিয়া তার অর্বাচীন পুত্র তারেক রহমানের অশোভন, অশালীন এবং চরম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন, কিংবা জাতির কাছে ক্ষমা চাইবেন। কিন্তু জাতিকে অবাক করে দিয়ে তিনি পুত্রের সাথেই সুর মিলিয়ে তার অসংযত জিভ দিয়ে একই ধরণের বক্তব্য রেখেছেন।

তিনি আরও বলেন, সাবেক বিএনপি নেতা অলি আহমেদ বলেছেন, ‘মা ভালো হলে ছেলে খারাপ হবে কেন, দুটোই বদমাশ’। গতকাল বেগম জিয়ার বক্তব্যে এটা আরও একবার প্রমাণিত হলো- মা ও ছেলে দুটোই বদমাশ।

এ সময় ড. হাছান মাহমুদ খালেদা জিয়াকে অনুরোধ জানিয়ে বলেন, দয়া করে নিজের এবং পুত্রের মুখটা সামলান। দেশের মানুষের ওপর পেট্রোল বোমা, হামলা পরিচালনার হিংস্র হায়েনার মানসিকতা পরিহার করুণ। তাহলে দেশের মানুষ স্বস্তি পাবে। অন্যথায় দেশের মানুষের রোষানলের আগুনে আপনি এবং আপনার পুত্র দুজনই দগ্ধ হবেন।

সরকারের সঙ্গে বিএনপি নেতাদের যোগাযোগ বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিকে আমরা কোন দল মনে করি না। বিএনপি ক্ষমতার উচ্ছিষ্ট খাওয়া ব্যাক্তিদের নিয়ে গঠিত একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগ দল ভাঙ্গায় বিশ্বাস করে না। আমরা চাই বিএনপি শক্তিশালী ভাবে রাজনৈতি কর্মকাণ্ড পরিচালনা করুক এবং ঐক্যবদ্ধ থাকুক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ বিষায়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।

এমআর, জেএ