আওয়ামী লীগের বর্তমানে দৈন্য দশা চলছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, তাদের এই অবস্থার কারণেই বিগত নির্বাচনে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচন করতে হয়েছে। উপজেলা নির্বাচনে তাদের এত খারাপ অবস্থা ছিল যে, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ মাত্র কয়েকটি সিট পেত। কিন্তু এটি বুঝতে পেরেই তারা সন্ত্রাসের মাধ্যমে ভোটের ফলাফল নিজেদের দখলে নিয়ে গেছে।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স  ইনস্টিটিউটশনে জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগরীর ৬ষ্ঠ  কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। সরকার গত ৫ জানুয়ারি গণতন্ত্রের কবর রচনা করেছেন। বাংলাদেশের মানুষ চেয়েছিল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু সরকার জনবিচ্ছিন্ন বলেই নিজেদের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়।
খালেদা জিয়া বলে, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। এজন্য আজকে ঢাকা মহানগর শ্রমিক দলের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য শাখাগুলোতেও নতুন নেতৃত্বের মাধ্যমে কমিটি গঠন করা হবে।
ঢাকা মহানগর শ্রমিক দলের সভাপতি মো. রেহান আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম খান, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১২এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]