একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র ফিরে পেতে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিটের বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।
আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও মো. ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চ থেকে সাবেক প্রধানমন্ত্রীর ভোটের ব্যাপারে এই বিভক্ত আদেশ আসে।
এর মধ্যে জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার পক্ষে মত দেন। আর মো. ইকবাল কবির এর বিপক্ষে অবস্থান জানান।
এর ফলে খালেদা জিয়া ভোটে ফিরতে পারবেন কি না, তা অমীমাংসিতই রয়ে গেল। এখন নিয়ম অনুসারে বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি এ বিষয়ে শুনানির জন্য তৃতীয় একটি বেঞ্চ গঠন করে দেবেন। সেই বেঞ্চই এ ব্যাপারে চূড়ান্ত আদেশ দেবেন।





