‘খালেদা জিয়া শুধু মানুষ খুনই করেননি, তিনি ক্ষমতায় থাকাকালীন আদমজীর মতো অনেক মিল-কারখানাও বন্ধ করে দিয়েছিলেন।

সেই সময়ে কয়েক লাখ শ্রমিককে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিলো ’ বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান ।  

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আদমজী জুট মিলস চালু সংগ্রাম পরিষদ আয়োজিত ‘ঐতিহাসিক আদমজী জুট মিলস বন্ধের ১৪ বছর, শিল্প ও শ্রমিক হত্যা দিবস পালন এবং ২নং আদমজী জুট মিল চালুর দাবী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, আয়োজক সংগঠনের সভাপতি মো. শাহাবুদ্দিন, শ্রমিক নেতা মো. আলাউদ্দিন মিয়া প্রমুখ।

শাহাজান খান বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে জিয়াউর রহমান যে খুনের রাজনীতি চালু করেছিলেন, খালেদা জিয়া এখনও তা অব্যাহত রেখেছেন। এছাড়া তিনি অন্যান্য সময়ের মতো রমজান মাসেও একের পর এক মিথ্যাচার করে চলেছেন।

ট্রাইব্যুনাল গঠন করে পেট্রোল বোমায় মানুষ খুনের বিচার করা হবে। ‘প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন, পেট্রোল বোমা মেরে জ্বালাও-পোড়াও ও মানুষ খুনের বিচারে ট্রাইব্যুনাল গঠন করা হবে। আমরাও চাই হরতাল-অবরোধের নামে সহিংস কর্মকান্ডের সাথে জড়িতদের ট্রাইব্যুনালে বিচার হোক।’

‘খালেদা জিয়া জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলা না করে প্রশ্রয় দিয়েছিলেন’। ‘আমরা আর সেই জায়গায় নেই। জঙ্গীবাদ নির্মূলে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে অনুষ্ঠিতব্য বৈঠকে তারা বাংলাদেশকে আমন্ত্রন জানানোর কথা ভাবছে। এ থেকেই বোঝা যায় জঙ্গীবাদ নির্মূলে বর্তমানে বাংলাদেশ কোন অবস্থানে রয়েছে।’

২ নং আদমজী জুট মিল চালু করতে শ্রমিকদের দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে আমার কথা হয়েছে। ঈদের পরে মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতি-মন্ত্রীরা আপনাদের এই কমিটির সাথে বৈঠক করবেন।’

পাট মন্ত্রণালয়ের মন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি বলছিনা যে, এখনই ২ নং জুট মিল চালু করতে হবে।

আগে আপনার কথা বলে এ প্রকল্পের সম্ভাবনা যাচাই করে প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠান। আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী এ বিষয়ে বিবেচনা করবেন।’

এমএ/এসএইচ