২০ দলীয় জোট ভাঙ্গেনি, অটুট আছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, হালুয়া-রুটির লোভ সামলাতে না পেরে দুই একজন চলে যেতে পারেন। তবে লোভ প্রলোভন দেখিয়ে জনগণের আন্দোলন স্তব্ধ করতে পারবেন না। আন্দোলনের স্রোতে এই অবৈধ সরকার খড়কুটার মত ভেসে যাবে।

তিনি বলেন, গণতন্ত্র ও মানুষ হত্যার বিচার করতে ক্ষমতাসীন অবৈধ আওয়ামী লীগ সরকারকে একদিন কাঠগড়ায় দাড় করাবে জনগণ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী বাস্তুহারা দলের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় কাউন্সিল-২০১৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মালিকদের ধমক দিয়ে, গোয়েন্দা বাহিনীর লোক বসিয়ে গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চাচ্ছে আওয়ামী লীগ। অবৈধ ক্ষমতাকে কুক্ষিগত করতেই জানি আমাদের উপর অত্যাচার হবে, নির্যাতন হবে। তারপরও আমাদের আন্দোলন দমন করতে পারবে না। খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের আন্দোলন অধিকার আদায়ের । সেজন্য খালেদা অন্যায়ের সাথে আপোষ করেনি ভবিষ্যতেও করবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরীফ হাসিবুর রহমান টিপু।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ