সরকার বিএনপি এবং জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে ক্ষমতাসীনদের এই পথ থেকে সরে এসে ‘গণতান্ত্রিক রাজনীতি’ করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
তিনি বলেন, সরকারের বিএনপি, খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনকশায় আমরা উদগ্রীব। সরকারকে আহ্বান জানাই, এই পথ থেকে সরে আসুন। সুষ্ঠু গণতান্ত্রিক রাজনীতি করুন। অতীতে সব ষড়যন্ত্রকারীরাই বিনাশ হয়ে গেছে।
শুক্রবার দুপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘অবরুদ্ধ গণতন্ত্র, বিপন্ন দেশ, তোমার অপেক্ষায় বাংলাদেশ’ শীর্ষক এই সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনা, মন্তব্য করে হান্নান শাহ বলেন, তারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে। কখনো গণতন্ত্রকে শ্রদ্ধা করেনা। তাদের গণতন্ত্র বাকশালী গণতন্ত্র।
বিদ্যুৎ উৎপাদন নিয়ে সরকার মিথ্যাচার করছে, অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারা দাবি করে, এখন ১০হাজার বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কিন্তু আমাদের প্রয়োজন ৬ হাজার মেগাওয়াট। প্রয়োজনের তুলনায় বেশি উৎপাদন হলে এতো লোডশেডিং কেন-প্রশ্ন করেন তিনি।
আওয়ামী লীগ দেশে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ভয় পায়, উল্লেখ করে হান্নান শাহ বলেন, তিনি (তারেক রহমান) যদি দেশে আসেন, তাহলে জনগণের মধ্যে এমন উদ্দীপনা সৃষ্টি হবে যে সরকার বানের মতো ভেসে যাবে। সেজন্য আওয়ামী লীগ তাদের বিদেশি বন্ধুদের সঙ্গে নিয়ে তার চরিত্র হননের জন্য সবধরনের কার্যকলাপ করেছে। যিনি ভবিষ্যতে দেশের উন্নয়নে নেতৃত্ব দেবেন তাকে অঙ্গুরেই বিনষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বিএনপি ও জিয়া পরিবারের নামে শত মিথ্যাচার করেকাজ হবেনা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিএনপির জনগণের পছন্দের রাজনৈতিক দল। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তারেক রহমানের নামে ষড়যন্ত্র করেন, সাহস থাকলে যুক্তরাষ্ট্রে জয়ের সম্পদের বিবরণী প্রকাশ করুন। জানি তা দিতে সক্ষম হবেননা।’
আয়োজক সংগঠনের সভাপতি প্রফেসর ড. ফরহাদ হালিম ডোনারেরর সভাপতিত্বে বক্তব্য রাখে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
এমএইচ





