মানুষ হত্যা করে যে রাজনীতি হয় না-এমন শিক্ষা দিয়ে বেগম খালেদা জিয়ার জন্য কোন বই আছে কি-না তা জানতে শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন শামীম ওসমান।
নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান আজ (বুধবার)জাতীয় সংসদের অধিবেশনে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে এমন প্রশ্ন ছুড়েন।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এখন শিক্ষা-প্রতিষ্ঠানের সব বইই ইন্টারনেটে দেয়া আছে। যে কেউ ইন্টারনেট থেকে ফ্রি সেগুলো ডাউনলোড করে পড়তে পারেন।
এর আগে শামীম ওসমান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী কতটা উদার তা আবারও প্রমাণিত হলো যখন তিনি কোকোর মৃত্যুতে খালেদা জিয়াকে সান্তনা দিতে তার বাসায় গিয়েছিলেন।
শামীম ওসমান বলেন, অথচ এই বেগম খালেদা জিয়াই জাতির জনকের কন্যাকে গ্রেনেড দিয়ে হত্যা করতে চেয়েছিলেন। অন্তত ২১ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন শামীম ওসমান।
অথচ তারই (খালেদা জিয়ার) ছেলের মৃত্যুতে তাকেই সহানুভূতি জানাতে তার বাসায় গিয়েছিলেন শেখ হাসিনা-কতটা মহানুভব হলেই এটা সম্ভব-সংসদের কাছে এমন প্রশ্নও রাখেন শামীম ওসমান।
শামীম ওসমান বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তাই পরীক্ষার সময় আর হরতাল অবরোধ না দিতেও বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানান তিনি।
কেবি





