প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা এখনো মনেপ্রাণে পাকিস্তানি হয়ে যেতে চায়। যারা জিন্দাবাদের অনুসারী তারা পাকিস্তানের এজেন্ট। তাদের পাকিস্তানেই ফিরে যেতে হবে।’
শুক্রবার বিকালে সুচিন্তা ফাউন্ডেশনের উদ্যোগে হোটেল লেকশোরে ‘মুক্তিযুদ্ধের চেতনার আলোকে গণতন্ত্র ও ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বিএনপিকে উদ্দেশে তিনি এ কথা বলেন।
জয় বলেন, ‘এই যে তারা সমুদ্রসীমার জয় নিয়ে বাইরে বসে হাউকাউ করেন, এই যে বিজয় হলো, এই সংবাদটাও হয়তো তারা বুঝতে পারছেন না।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘১৯৮০ সালের ম্যাপে দেখবেন, তালপট্টি বাংলাদেশের নেই। তালপট্টি ভারতকে দিয়ে দেওয়া হয়। তার মানে কি সে সময় জিয়াউর রহমান ভারতকে তালপট্টি দিয়ে দেন?’
জয় আরও বলেন, ‘দেশে ১৬ কোটি মানুষ বাস করে, এদের মধ্যে ৯ কোটি ভোটার। যদি কোনো পরিবারের ১৬ ব্যক্তি কোনো বিষয়ে একমত হতে না পারেন, তবে ৯ কোটি মানুষ কোনো বিষয়ে যে একমত হবেন, এমন কোনো কথা নেই। কিন্তু অধিকাংশ লোকের মতামত নিয়ে সরকার পরিচালনা করাই গণতন্ত্র।’
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ ও পঁচাত্তরের হত্যাকাণ্ড গণতান্ত্রিক ছিল না- উল্লেখ করে জয় বলেন, ‘আমরা স্বাধীনতার স্বপক্ষের শক্তি নিয়ে কথা বললেও দেশের রাজনীতিতে এখনো এমন একটি পক্ষ আছে, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা এখনো মনেপ্রাণে পাকিস্তানি হয়ে যেতে চায়। যারা জিন্দাবাদের অনুসারী তারা পাকিস্তানের এজেন্ট। এই এজেন্টদের পাকিস্তানেই ফিরে যেতে হবে।’
সভায় সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আরাফাতের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের, শিক্ষাবিদ ড. এ কে আজাদ চৌধুরী, অর্থনীতিবিদ ড. আবুল বারকাত, সাংবাদিক গোলাম সারওয়ার, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদসহ আরও অনেকে।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





