গত ১৩ জুন কুষ্টিয়া পৌরসভার কাস্টমস মোড়ে পুলিশের গুলিতে নারী ও শিশুসহ তিনজন নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত ১৩ জুন কুষ্টিয়া পৌরসভার কাস্টমস মোড়ে পুলিশের একজন এ এস আইয়ের গুলিতে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এমনকি শিশুটি জীবন বাঁচাতে মসজিদে গিয়েও রেহাই পায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। কেউ যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করা পুলিশের নৈতিক দায়িত্ব। কাউকে বিনা বিচারে হত্যা করার লাইসেন্স তাদের দেয়া হয়নি। এভাবে প্রকাশ্য দিবালোকে তিনজনকে গুলি করে হত্যা করার ঘটনা দেশবাসীকে হতবাক করেছে। এর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

আমরা গভীর উদ্বেগের সাথে দেখছি, সম্প্রতি দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। দেশের বিভিন্ন জায়গায় গুম, খুন, হত্যা ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। বিনা বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। ন্যায় বিচার না পাওয়ায় মানুষের মাঝে আইন হাতে তুলে নেয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করায় দেশের আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। এভাবে কখনো একটি দেশ চলতে পারে না।
কুষ্টিয়ায় নারী-শিশুসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় জড়িত পুলিশ সদস্যের শাস্তি নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে গুম, খুন, হত্যা, ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তি

এমআর