মুন্সীগঞ্জের মাওয়া ফেরিঘাটের অদূরে পদ্মায় এমভি পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার দেশ পরিচালনায় সামগ্রিকভাবে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে এই লঞ্চডুবি তারই বহিঃপ্রকাশ।

সোমবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক ও দুঃখ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, পদ্মানদীতে তিন শতাধিক যাত্রীসহ লঞ্চডুবিতে যারা প্রাণ হারিয়েছে, আহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে তাদের স্বজনদের মত আমিও গভীরভাবে ব্যথিত, শোকাভিভূত ও উদ্বিগ্ন।

খালেদা জিয়া বলেন, বারবার নদ-নদীতে নৌযান ডুবির ঘটনায় অসংখ্য মানুষের জীবনহানি ঘটার কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। জনগণের প্রতি সরকারের দায়িত্ববোধ না থাকার কারণেই মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত থাকছে। নদ-নদীতে একের পর এক নৌযান দুর্ঘটনার পুনরাবৃত্তিতে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতিতেও সরকারের টনক নড়ছে না।

দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন বিএনপি চেয়ারপারসন।
তিনি নিখোঁজ যাত্রীদের উদ্ধারে তড়িৎ ব্যবস্থা গ্রহণসহ ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানান ও নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ঢাকা,এমএইচ, ০৫ আগস্ট,টাইমনিউজবিডি.কম