সমাজের সব পর্যায়ে অন্যায় আর দুর্নীতিতে কলুষিত হয়ে পড়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাই নতুন প্রজন্মকে নিজেদের অধিকার রক্ষায় সচেতন হতে হবে। একইসঙ্গে সব অন্যায়- অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
রোববার বিকালে পাবলিক লাইব্রেরির ওসমানী স্মৃতি মিলনায়তনে আমরা ক'জন সংগঠনের আয়োজনে এস এস সি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব নেই। এই সংসদ জনগণের ভোটে নির্বাচিতদের নয়। তাই এই সংসদের হাতে ক্ষমতা দিয়ে বিচারপতিদের অভিশংসনের জন্য যে সংবিধান সংশোধন করা হচ্ছে সেটি হবে একটি বিশেষ রাজনৈতিক দলের বিচার ব্যবস্থা।
জাপানের প্রধানমন্ত্রীর সফর নিয়ে তিনি বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। জাপান বাংলাদেশে নতুন শিল্প এলাকা করে দিবে। এছাড়াও অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বিনিময়ে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে করা প্রার্থীতা প্রত্যাহার করতে হয়েছে। যদিও জিয়াউর রহমান নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৯ সালে জাপানকে পরাজিত করে অস্থায়ী সদস্য পদ লাভ করেছিলেন।
তিনি মেধাবীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের পূর্ব পুরুষেরা গণতন্ত্র, মৌলিক অধিকার ও স্বাধীনতার জন্য লড়াই করে একটি স্বাধীন আবাস ভুমি উপহার দিয়েছেন। এটিকে বাস যোগ্য করতে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
বিএনপির এই মূখপাত্র বলেন, দেশের সর্বক্ষেত্রে আজ রাজনীতির কাঁদা ছুড়াছুড়ি চলছে। কিন্তু তোমাদের এখনই রাজনীতি করতে বলছি না, কিন্তু রাজনীতি সচেতন হতে হবে। আমরা যারা বৃদ্ধ তারা চিৎকার চেচামেচি করলেই কাজ হবে না তোমাদের সামনে এগিয়ে আসতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. ইঞ্জিনিয়র মোহাম্মাদ মাসুদ প্রমুখ।
এসময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ ৫ প্রাপ্ত প্রায় ৮০০ জন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলো দেওয়া হয়।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, এমএইচ, টাইমনিউজবিডি.কম, এসআর





