ছাত্রলীগকে জামায়াত-শিবিরের সঙ্গে তুলনা করায় স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিমকে ‘অশিক্ষিত টোকাই’, ‘মূর্খলোক’ ও ‘খুনি এরশাদ শিকদারের বন্ধু’ বলে আখ্যায়িত করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার ছাত্রলীগের এক প্রতিবাদলিপিতে এ মন্তব্য করেন সংগঠনটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
সোমবার জাতীয় সংসদে হাজি সেলিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা প্রসঙ্গে বলেছিলেন, ‘শিবির রগ কাটে, ছাত্রলীগ কবজি কাটে, মাথা কাটে। টিভি-পত্রিকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে বললে চলবে না। কঠোর সিদ্ধান্ত নিতে হবে। নইলে মানুষ আমাদের সঙ্গে থাকবে না।’
হাজি সেলিমের এ বক্তব্যের প্রতিবাদে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়, ‘হাজি মোহাম্মদ সেলিম জামায়াত-শিবিরের সঙ্গে ছাত্রলীগের তুলনা করে প্রমাণ করেছেন, উনি একজন অশিক্ষিত ও মূর্খলোক। দশম জাতীয় সংসদ নির্বাচনে মোস্তফা জালাল মহিউদ্দিনের পক্ষে কাজ করায় ছাত্রলীগ নিয়ে ওনার এই আক্রোশ ও বিষোদগার।’
সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, ‘হাজি সেলিম ব্যক্তিগত জীবনে একজন অশিক্ষিত টোকাই, নাসিরউদ্দিন পিন্টুর এক সময়ের সহযোগী এবং পরবর্তী সময় খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের ঘনিষ্ঠ বন্ধু।’ হাজি সেলিম বিভিন্ন এলাকায় অনেক জায়গা দখল করে নিজের সম্পদ বাড়িয়েছেন বলে অভিযোগ করে ছাত্রলীগ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক সময় গণমাধ্যমের সামনে ছাত্রলীগের সমালোচনা করা হালফ্যাশনে পরিণত হয়েছে। অথচ ছাত্রলীগ ঐতিহ্যবাহী ও মহান মুক্তিযুদ্ধে অন্যতম ভূমিকা পালনকারী ছাত্রসংগঠন।
এই সংগঠনের ভালো-মন্দ নিয়ে কথা বলা, সমালোচনা করা ও দিকনির্দেশনা দেওয়ার অধিকার তাঁরাই রাখেন, যাঁরা শিক্ষানুরাগী ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী।
হাজি সেলিমের বক্তব্য অবিলম্বে জাতীয় সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়ে তাঁকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় ছাত্রলীগ।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
হাজি সেলিম ‘অশিক্ষিত টোকাই’: ছাত্রলীগ
ছাত্রলীগকে জামায়াত-শিবিরের সঙ্গে তুলনা করায় স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিমকে ‘অশিক্ষিত টোকাই’, ‘মূর্খলোক’ ও ‘খুনি এরশাদ শিকদারের বন্ধু’ বলে আখ্যায়িত করেছে ছাত্রলীগ।





