বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে অপেক্ষা করছে রানা প্লাজার দুর্ঘটনায় নিখোঁজ ২০  পরিবারের সদস্যরা।
বুধবার বিকাল ৫টা থেকে নিখোঁজের স্বজনরা চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে খালেদা জিয়ার সহায়তা পেতে অপেক্ষা করছেন।
এদের মধ্যে ফিরোজা বেগম এসেছেন ময়মনসিংহের ভালুকা থেকে। কথা হয় এই প্রতিবেদকের সাথে। তিনি বলেন, পরিবারের একমাত্র উপার্জনকারী স্বামীকে হারিয়ে এতিম দুটি সন্তানকে নিয়ে বহু কষ্টে দিনাতিপাত করছি। দিনে একবেলা খাবার জোটাতেই হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি। কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে সেটিও করতে পারছি না।
এসময় বরিশাল থেকে আসা আব্দুর মান্নান বেপারী (৭০) বলেন, রানা প্লাজার দুর্ঘটনায় আমরা ছেলে মো.রফিক নিখোঁজ হয়েছে। আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি।
সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হলেও আমি কোনো আর্থিক সহায়তা পাইনি। পরিবারের একমাত্র উপার্জনশীল হওয়ায় এখন আমাদের দুর্দিন চলছে। অনেক আশা করে এসেছি বেগম খালেদা জিয়ার কাছে কিছু সাহায্য সহায়তার জন্য।
রানা প্লাজায় নিহত মমিনুল ইসলামের স্ত্রী শিখা আক্তার  বলেন, আমরা সকালেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে এসেছি।  উনার বাসভবনের সামনে গেলে সেখান থেকে বিকালে আমাদের এখানে আসতে বলা হয়।
কি কারণে খালেদা জিয়ার সাথে দেখা করতে এসেছেন প্রশ্ন করলে  শিখা আক্তার বলেন, আমরা উনার সাহায্য পেতে এসেছি । তিনি আমাদের যে ভাবে সাহায্য সহায়তা করবেন আমরা তাই গ্রহণ করবো।
শিখা আক্তার অভিযোগ করে বলেন, রানা প্লাজায়  নিহতদের নাম ভাঙ্গিয়ে অনেকেই রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন। কিন্তু আমরা যারা স্বামী, ছেলে, মেয়ে,বোন হারিয়েছি তারা কিছুই পাইনি।
নিহত স্বজনদের মধ্যে শাপলা, সাজেদা, রাশেদা বেগম অনেকেই তাদের সন্তানদের সাথে করে নিয়ে এসেছেন।
[b]এমএইচটি/ঢাকা,২২জানুয়ারি,(টাইমনিউজবিডিডটকম)/এমএআর[/b]