আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
বুধবার পুরান ঢাকার সূত্রাপুরে স্বামীর পক্ষে গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
তিনি বলেন, “আমাদের দাবি ছিল সেনা মোতায়েন ও সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হোক। কারণ উপজেলা নির্বাচনেও সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স ছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
“এবারও নির্বাচন কমিশন স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনা মোতায়েনের কথা বলেছে-এটা ‘আইওয়াশ’ মাত্র। আমরা এজন্য সেনাবাহিনী চাইনি। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েন করতে হবে।”
আফরোজা অভিযোগ করেন, “সিটি নির্বাচনে নিজেদের প্রার্থীর পরাজয়ের আশঙ্কা থেকেই সরকার সমর্থকরা খালেদা জিয়ার ওপর হামলা চালাচ্ছে।
“সরকার যে ভয় পেয়েছে, খালেদা জিয়ার ওপর বার বার হামলাই তা প্রমাণ করে। সরকার বুঝতে পেরেছে তাদের প্রার্থী জিততে পারবে না, এ কারণেই হামলা করছে।”
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস প্রকাশ্যে ভোট চাইতে আসতে না পারলেও তাতে ভোটে প্রভাব পড়বে না বলে মনে করছেন তার স্ত্রী।
তিনি বলেন, “তিনি (মির্জা আব্বাস) না থাকলেও ভোটারদের ওপর কোনো প্রভাব পড়বে না। তারা নিজেদের পছন্দের প্রার্থীকেই বেছে নেবে।”
সকাল সোয়া ৯টার দিকে সূত্রাপুর থানার সামনে থেকে শুরু করে ফরাশগঞ্জ, শ্যামবাজার, রূপলাল দাস লেন এলাকায় প্রচার চালান আফরোজা আব্বাস।
এমএইচ





