দৈনিক ইনকিলাব পত্রিকার বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে গ্রেফতার করে রিমান্ড নেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নি:শর্ত  মুক্তি দাবী করলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন সাংবাদিকদেরকে গ্রেফতার এবং তাদের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে বর্তমান অবৈধ সরকার তাদের নিজেদের পতন ক্রমাগত তরান্বিত করছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবী করেন।

তিনি  আরও বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন হওয়ার আগেই বর্তমান ক্ষমতাসীনরা গণমাধ্যমের কর্মীদের ওপর বেপরোয়া ও হিংস্র আক্রমণ শুরু করেছে। 

 

বিবৃতিতে দাবী করা হয়- গত কয়েকদিনে মানবজমিন পত্রিকার সিলেটের বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজকে গ্রেফতার এবং দৈনিক সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো চীফ ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জীকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করেছে। এছাড়া দুর্নীতির সংবাদ পরিবেশন করায় পটুয়াখালীতে বিডি নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর সাংবাদিক সঞ্জয় কুমার দাস এবং মাছরাঙ্গা টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি মো. জলিলকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান আওয়ামী অবৈধ সরকারের সৃষ্ট দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি, দূর্নীতি, অনিয়ম, শেয়ার মার্কেট কেলেংকারী ও দমন-পীড়নে জনজীবনে দুর্গতির বিষয়ে দেশের সাংবাদিকরা যখন কলম হাতে জনগণের নিকট বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে ঠিক তখনই সরকার তাদেরকে স্তব্ধ করতে গ্রেফতার ও নির্যাতন শুরু করেছে।
তিনি বলেন,  আওয়ামী সরকার ক্ষমতার মোহে এবং দাপটে এতটাই উন্মাদ হয়ে গেছে যে, যারা জনসমাজের মুখপাত্র সেই সংবাদকর্মীদেরকে গ্রেফতার এবং তাদের উপর হামলা ও নির্যাতনের মাত্রা বৃদ্ধি করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে গ্রেফতারকৃত সংবাদকর্মীদের নি:শর্ত মুক্তি এবং পুলক চ্যাটার্জির ওপর বর্বরোচিত হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

ঢাকা, এমএইচ, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম