আগামী ২৪ ঘন্টার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইউনাইটেড, অ্যাপোলো বা যে কোন বেসরকারি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করারদাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।  

তিনি বলেন, “আগে তাঁর চিকিৎসার ব্যবস্থা করুন, তারপর তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান।”

আজ (০৭ সেপ্টেম্বর) পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এইকথা জানান।

জয়নুল আবেদীন বলেন, “আজ সাক্ষাতে ম্যাডামকে যেভাবে দেখেছি তাতে তিনি কীভাবে আগের দিন আদালতে এসেছেন সেটা ভাবছি। তিনি বাম হাত নাড়াতে পারেন না। বাম পাশ পুরো অবশ হয়ে গেছে। চোখেও প্রচন্ড ব্যথা হয়। চোখের ভবিষ্যত কী সেটা বলা যাচ্ছে না।”

জয়নুল আবেদীন বলেন, “আমরা মনে করি কারাগারের ভেতরে রেখে তাঁকে চিকিৎসা না দেওয়ায় এই অবস্থা হয়েছে। তাই আমরা মনে করি আগামী ২৪ ঘন্টার মধ্যে তাঁকে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হোক। ইউনাইটেড, অ্যাপোলো বা যে কোন বেসরকারি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হোক।”

আরও পড়ুন: কারাবন্দী খালেদা জিয়াকে হত্যার চেষ্টা চলছে: মির্জা ফখরুল 

                  পারলে প্রমাণ করেন নেতাকর্মীরা অপরাধী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 

খালেদা জিয়ার এই আইনজীবী বলেন, ‘আগে চিকিৎসা তারপর বিচার। খালেদা জিয়ার বিচার পাওয়ার অধিকার রয়েছে। তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী।”

আরও পড়ুন: মিয়ানমারের বিচার করতে পারবে আন্তর্জাতিক আদালত: আইসিসি’র রায়

এর আগে আজ (শুক্রবার) বিকাল ৩ টা ৪০ মিনিটের দিকে আইনজীবীরা কারাগারে পৌঁছে সাক্ষাতের অনুমতি চান। ৫ টার দিকে  কারাগারে সাক্ষাতের জন্য প্রবেশ করেন। প্রায় ১ ঘন্টা সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৬ টার দিকে তাঁরা বের হন।

সাক্ষাতে যাওয়া আইনজীবীরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, আইনজীবী এজে মোহাম্মদ আলী, আব্দুর রেজ্জাক খান ও জয়নুল আবেদীন।

এমবি