গণতান্ত্রিক আন্দোলনে উত্থান-পতন থাকে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অবৈধ সরকারের পতন আন্দোলন সহজ হবে না। তবে আমাদের হতাশ হলে চলবে না। এজন্য সংঘবদ্ধভাবে নতুন করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণতন্ত্র পুনরুদ্ধার, আমার দেশ প্রকাশ, মাহমুদুর রহমানের মুক্তি ও বাক স্বাধীনতা রক্ষার দাবীতে পেশাজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সমাবেশের আয়োজন করে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলন চলছে, চলবে। এটাকে খাটো করে দেখার সুযোগ নেই। আন্দোলনের ফলেই ৫ জানুয়ারির নির্বাচনের আগে ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল। সেই গণতান্ত্রিক আন্দোলনে ৩শ জনের অধিক মানুষ জীবন দিয়েছে। অতীতে দেশে কোনো আন্দোলনে এমন গণসম্পৃক্ততা দেখা যায়নি বলে তিনি দাবী করেন।
মির্জা ফখরুল সরকারের কড়া সমালোচনা করে বলেন, প্রশাসন ও বিচারবিভাগ দলীয় করণের মাধ্যমে এই সরকার দেশে একদলীয় শাসন কায়েম করছে। এমনকি তারা স্বাধীন গণমাধ্যমকেও সহ্য করতে পারে না। যার কারণে আমার দেশ, দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছে।
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে এমন একটি নির্বাচন কমিশন রয়েছে যারা শুধু অথর্ব নয়, অযোগ্যও। তারা বলতেন আওয়ামী লীগের অধীনে বিএনপি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করলে জনপ্রিয়তার কারণে তারা জিততে পারত। উপজেলা নির্বাচনের পর তারা তাদের জবাব পেয়ে গেছেন।
অন্য যে কোন গণতান্ত্রিক আন্দোলনের চেয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করা কঠিন হবে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি নেতাকর্মীদের আরও ত্যাগের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধূরী, কবি ফরহাদ মজহার, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ, অধ্যাপক ড. পিয়াস করীম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম এ আজিজ প্রমুখ।
ঢাকা,এমএইচ, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর
রাজনীতি
নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান-মির্জা ফখরুল
গণতান্ত্রিক আন্দোলনে উত্থান-পতন থাকে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অবৈধ সরকারের পতন আন্দোলন সহজ হবে না। তবে আমাদের হতাশ হলে চলবে না। এজন্য সংঘবদ্ধভাবে নতুন করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।





