বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে অনর্গল মিথ্যা কথা বলে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার বিকালে ধানমন্ডি কার্যালয়ে খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতে ডাকা এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
সৈয়দ আশরাফ বলেন, বেগম খালেদা জিয়া সন্ত্রাস ও জঙ্গিবাদের সেনাপতি। দেশবাসী জানে তার আমলে একসঙ্গে ৬৩ জেলায় বোমা ফুটেছিল। বাংলা ভাই-শায়খ আব্দুর রহমানদের উৎপত্তি হয়েছিল।
খুন এবং দুর্নীতি সম্পর্কে আশরাফ বলেন,সাবেক অর্থমন্ত্রী এএমএস কিবরিয়াসহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী খুন হয়েছেন। দশ ট্রাক অস্ত্র উদ্ধার হয়েছে তার সময়ে।
তিনি বলেন,বিএনপির হাইকমান্ডের কোনো ঠিক নেই। দুই জায়গা থেকে দুই রকম বক্তব্য আসে। লন্ডন থেকে তারেক রহমান বলেছেন এই অবৈধ সরকারের সঙ্গে কোনো আলোচনা নয়। আবার বেগম খালেদা জিয়া বলেছেন আলোচনা করতে চান।  
আলোচনা করতে চাইলে আগে কমান্ড ঠিক করতে হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন,খালেদা জিয়া জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবেন মনে করেছিলাম। ভেবেছিলাম সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলবেন। কিন্তু তিনি জনগণকে উস্কে দেয়ার চেষ্টা করেছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ দলের কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।