পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, শুধু বাংলাদেশ নয় পুরো এশিয়ার সন্ত্রাসবাদ নির্মূলে কাজ করছে বাংলাদেশ।
সোমবার বিকালে রাজধানীর সিরডাপ মিলয়নায়তনে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দক্ষিণ পূর্ব এশিয়াতে সন্ত্রাসবাদের কোন স্থান থাকবে না, এ লক্ষ্যে বর্তমান সরকার প্রতিবেশী দেশের সরকারগুলোর সঙ্গে খুব আন্তরিকভাবে কাজ করছে।’ আন্তজার্তিকভাবে এ দেশে কোন সন্ত্রাসী গোষ্ঠী কাজ করতে পারবে না, তাদের সমূলে উৎপাদন করা হবে বলেও জানান মন্ত্রী।
মাহমুদ আলী বলেন, ‘তবে ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে বিএনপি ও জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তাঁরা করেছিল। ভবিষ্যতে আন্দোলনের নামে এ ধরণের কাজকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার পরিকল্পনা সরকারের রয়েছে।’
কর্মশালায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেন, ‘সন্ত্রাসবাদ দমনে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে খুবই কার্যকর। তবে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ নির্মূলে দেশের কোন কোন বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ।’ এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারকে নীতিগত সহায়তা দেয়ার কথাও জানান মার্কিন রাষ্ট্রদূত।
বাংলাদেশের নিরাপত্তাজনিত কোন প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দেয়ার কথাও জানান মার্কিন রাষ্ট্রদূত।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





