নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে বিজয়ী হাজী সেলিম রয়েছেন আলোচনার তুঙ্গে। তিনি নতুন ঝড় তুলবেন বলেও সংশ্লিস্টরা জানিয়েছে। তবে এই ঝড় আওয়ামী পরিবারে প্রভাব পড়বে বলে একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে। সেলিম আরেক দফা এগিয়ে এখন নিজেই বিকল্প জোট করেছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত স্বতন্ত্র এমপিদের এক জরুরি বৈঠকে এ জোট গঠন করা হয়। এতে ১২ জন স্বতন্ত্র এমপি উপস্থিত ছিলেন এবং বাকি ৪ জন জোটের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বলে জানিয়েছেন হাজী সেলিম।

নবগঠিত জোটের নেতা হাজী সেলিম বলেন, 'স্বতন্ত্র এমপিরা সংসদে জনগণের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবেন।  জনগণের আবহাওয়া দেখে কথা বলবেন। দেশের মানুষ যেমনটি পছন্দ করবেন, তারা তেমনই ভূমিকা পালন করবেন। যা অপছন্দ করেন, তার বিরুদ্ধে অবস্থান নেবেন। মানুষ ভালোবেসে প্রতিনিধি করে সংসদে পাঠিয়েছেন। তাই সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে তাদের কল্যাণে সাদাকে সাদা, কালোকে কালো বলবেন।'এ ক্ষেত্রে কোন আপোষ করবেন না বলেও তিনি স্পস্ট করে জানিয়ে দিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীদের জোট গঠনের জন্য জাতীয় সংসদ ভবনে তারা বৈঠকে বসে দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেন। এসময় সকলেই দেশের জনগনের আশা আকাংখার কথা বিবেচনায় রেখে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।  বৈঠকে মৌলভীবাজার-২ আসনের আবদুল মতিন, কুমিল্লা-৪ আসনের রাজী মোহাম্মদ ফখরুল, ফেনী-৩ আসনের রহিম উল্লাহ ও পার্বত্য রাঙ্গামাটির এমপি উষাতন তালুকদারনওগাঁ-৩ আসনের ছলিম উদ্দিন তরফদার, মেহেরপুর-২ আসনের মকবুল হোসেন, ঝিনাইদহ-২ আসনের তাহজীব আলম সিদ্দিকী, পিরোজপুর-৩ আসনের রুস্তম আলী ফরাজী, ঢাকা-৭ আসনের হাজী মো. সেলিম, নরসিংদী-৩ আসনের সিরাজুল ইসলাম মোস্তফা, নরসিংদী-৭ আসনের কামরুল আশরাফ খান, ফরিদপুর-৪ আসনের মজিবুর রহমান চৌধুরী, উপস্থিত ছিলেন। যে ৪জন স্বতন্ত্র এমপি বৈঠকে উপস্থিত ছিলেন না, তারা জোটে থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

দায়িত্বশীল সুত্র জানায়, বৈঠকে হাজী মো. সেলিমকে সভাপতি, কুমিল্লা-৪-এর রাজী মোহাম্মদ ফখরুলকে সদস্য সচিব এবং  পিরোজপুর-৩-এর রুস্তম আলী ফরাজী ও নরসিংদী-২-এর কামরুল আশরাফ খানকে সহসভাপতি করে স্বতন্ত্র জোটের ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সূত্র আরও জানায়, কমিটির প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যদিবসে স্বতন্ত্র এমপিদের এই জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানানো হবে। চিঠিতে সংরক্ষিত মহিলা আসনে এখনই কোনো সদস্য নির্বাচন না করার সুপারিশ করা হবে। এই জোটের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছেও পাঠানো হবে।

তাছাড়া সংসদীয় কমিটি,  যোগাযোগ, এলজিআরডি, ত্রাণ ও দুর্যোগ, শিক্ষা, নৌপরিবহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সংখ্যানুপাতে স্বতন্ত্র এমপিদের অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হবে। সংশ্লিস্টরা আরও জানায়, স্বতন্ত্র সদস্যরা দেশের জনগনের পক্ষে থেকে কাজ করবে। তারা কারো সাথে আপোষ করবে না। প্রয়োজনে রাজপথে নেমে জনগনের দাবী আদায়ে সংগ্রাম করবে।
ঢাকা, এএম, ২৪ জানুয়ারি,(টাইমনিউজবিডি.কম) // এসআর