তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খবর পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এমিনেন্স’ আয়োজিত একটি প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, উন্নয়ন ও গণতন্ত্র এগিয়ে যায় যদি সাংবাদিকতার মাধ্যমে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরা সম্ভব হয়। জাতিকে এগিয়ে নেওয়ার জন্য সঠিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে। গণমাধ্যম সম্পাদকদের উচিৎ স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের আলাদা বিট করে দিয়ে তাদের উপযুক্ত প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া। স্বাস্থ্য একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়।  
চলমান স্বাস্থ্য কমসূচি প্রসঙ্গে ইনু বলেন, ‘বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যখাতের ব্যাপক উন্নতি হয়েছে। প্রসূতি ও শিশু মৃত্যু হার কমেছে। মানুষের গড় আয়ু বেড়েছে। স্বাস্থ্যখাতের অন্য দিকগুলোতেও বেশ উন্নতি হয়েছে।’
‘রাজনৈতিক সহিংসতা খারাপ একটা দিক। এটা বন্ধ করতে হবে। গণমাধ্যম এখানেও ভুমিকা রাখতে পারে।’ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইএসএইড-এর কর্মকর্তা গ্রেগরি জে. অ্যাডামস, প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক জামাল হোসাইনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]