শোক দিবসে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ চলছে- আর যদি একটা গুলি চলে, আর যদি...। হঠাৎ করেই সেই বজ্রকণ্ঠ পাল্টে গেল। শুরু দেলাওয়ার হোসাইন সাঈদীর ওয়াজ! উপস্থিত সবাই হতভম্ব। অনেকে দৌড়াদৌড়িও শুরু করে। শুক্রবার এমন ঘটনা ঘটেছে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের জন্য ভাড়া করা মাইকে ৭ মার্চের ভাষণ চলতে চলতে হঠাৎ সাঈদীর ওয়াজ বেজে উঠে।
তাৎক্ষণিক এ ঘটনায় ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে ‘টক অব দ্যা ক্যাম্পাস’ এ পরিণত হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের নেতাদের উদাসীনতাকে দায়ী করেছে ছাত্রলীগের একাংশ।
এ ঘটনার কারণ জানতে চাইলে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল বলেন, “এটা তেমন কোনও বিষয় না। মাইক পরীক্ষা করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে সাইদীর ওয়াজ শুরু হয়ে যায়। এ বিষয় নিয়ে আমরাও বিব্রতবোধ করেছি।”-
সূত্র: সংবাদ২৪.নেট
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





