কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার আগেই সরগরম হয়ে উঠছে রাজধানীর নয়াপল্টন।

আজ (২৪ নভেম্বর) রোববার সমাবেশ সফল করার জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন।

আজ দুপুর ২টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আজকের সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের চূড়ান্ত ডাক আসতে পারে। সরকারের সব বাধা অতিক্রম করে সমাবেশে ব্যাপক জমায়েত হবে বলে আশা করছি।”

নয়াপল্টনের এই সমাবেশকে কেন্দ্র করে দুপুর ১২টার পর থেকেই কাকরাইল, ফকিরাপুলসহ আশপাশের এলাকাগুলোতে নেতাকর্মীদের উপস্থিতি ও অবস্থান লক্ষ করা যাচ্ছে। তারা ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন।

এসব মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে গোটা নয়াপল্টন এলাকা প্রকম্পিত করে তুলেছেন নেতাকর্মীরা।

বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের মুখে শ্লোগান- ‘দেশনেত্রীর মুক্তি চাই, দিতে হবে’, ‘এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে’, ‘শেখ হাসিনা গদি ছাড়ো, ছাড়তে হবে’।

এমবি