সুন্দরবনের অদূরে রামপালে কয়লাভিত্তিক বিদ্যু কেন্দ্র নির্মাণের প্রতিবাদ জানিয়ে প্রকল্পটি বন্ধ করতে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের পর এবার কর্মসূচি নিয়ে আসছে বিএনপি।

বৃহস্পতিবার রাতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে।

গত ৬ আগস্ট স্থায়ী কমিটির নতুন কমিটি ঘোষণার পর এটিই প্রথম বৈঠক। রাত ৯টা ১০ মিনিটে বৈঠকটি শুরু হয়ে চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। রামপাল বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

সূত্র বলছে, বৈঠকে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে সুন্দরবনের ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে।

এর বিরুদ্ধে প্রাথমিকভাবে বিক্ষোভ বা মানববন্ধনের মতো কর্মসূচির চিন্তা করছেন দলের নেতারা। তবে এর চেয়েও কঠোর কর্মসূচিতে যেতে পারেন তারা।

এর আগে রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে, সে বিষয়ে বিস্তারিত তথ্য সরবরাহ করবে দলটি।

শনিবার ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকের পর এ বিষয়ে কর্মসূচির ঘোষণা দেওয়ার চিন্তা ভাবনা করছে বিএনপির হাইকমান্ড।

এ ছাড়া বৈঠকে দলের সাংগঠনিক পুনর্গঠনের বিষয়ে দলের নীতি নির্ধারকরা আলোচনা করেছেন বলে জানা গেছে। দলের স্থগিত হওয়া জেলা কমিটিগুলোর কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এসএম