বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জঙ্গিবাদ ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়।

বৃহস্পতিবার নবগঠিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে একটি মহল কাজ করে যাচ্ছে। তাই জঙ্গিবাদের বিষয়গুলো সুষ্ঠুভাবে তদন্ত হচ্ছে না। জঙ্গিবাদে জড়িত এখন পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, তাদেরকে বিচারাধীন থাকাবস্থায় হত্যা করা হচ্ছে। এ নিয়ে কিছুটা রহস্য থেকেই যাচ্ছে।

তিনি আরও বলেন, জঙ্গিবাদে ইস্যুতে সরকারের দাবি এবং আন্তর্জাতিক সংস্থার দাবির মধ্যে অনেক ফাঁরাক বোঝা যাছে। সরকারের বিভিন্ন সংস্থা রয়েছে, যেমন- পুলিশ, র‌্যাব, কাউন্টার টেররিজম তাদের বক্তব্যেও সামঞ্জস্য নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত দুটি জনসভা করেছেন এবং সেখানে নৌকায় ভোট চেয়েছেন। আওয়ামী লীগের চরিত্রই এমন।

তিনি অভিযোগ করেন, সরকার বিরোধী দলকে কোণঠাসা করে, নির্বাচনে আসার সুযোগ না দিয়ে আবারও একতরফা নির্বাচন করতে চায়। তবে এবার তা সম্ভব হবে না। জনগণ কোনোভাবেই তা মেনে নেবে না।

বিএনপির মহাসচিব বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। বিএনপি সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে। রাজনীতি হচ্ছে নির্বাচনের জন্য। যখন তফসিল হবে, তখন বিএনপি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এমবি