সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন দাবি করেছেন, সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে কোনো সমাবেশের অনুমতি দেওয়ার এখতিয়ার শুধুমাত্র আইনজীবী সমিতির। সভাপতি হিসেবে এই সমাবেশ করার অনুমতি দেওয়ার পরে পুলিশ অন্যায়ভাবে অনুষ্ঠান বন্ধ করেছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সুপ্রীম কোর্ট মাজার গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, এখানে অনুষ্ঠান করার জন্য সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের অনুমতি লাগে। সে অনুমতি নেওয়া হয়েছে। এর আগেও এখানে এমন অনেক অনুষ্ঠান হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘প্রধান বিচারপতি বা রেজিষ্ট্রার যদি এমন কোনো কাগজ দেখাতে পারে যে, অনুমতি নেওয়া হয়নি, তাহলে আমাদের বলার কিছু নেই। কিন্তু তারা সে কাগজ দেখাতে পারবে না।’
দেশে আইনের শাসন পদদলিত হয়েছে উল্লেখ করে খন্দকার মাহবুব বলেন, বিশ্ব বিবেক দেখেছে কিভাবে আইনের শাসন ও মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। অবৈধ সরকার হত্যা গুমের পরে এবার আইনজীবীদের ওপর হামলা করেছে।
খন্দকার মাহবুব অভিযোগ করেন, ‘সুপ্রীম কোর্টের আইনজীবী সমিতির প্রধান ফটক বন্ধ করে রাখা হয়েছে। আমি সমিতির সভাপতি হিসেবে খুলে দিতে বললেও তা খুলে দেওয়া হয়নি। উপরন্তু আইনজীবীদের আটক করা হয়েছে।’ তিনি আটক আইনজীবীদের মুক্তি দাবি করেন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ উপস্তিত ছিলেন। এদিকে, রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমান সাংবাদিকদের বলেন, খন্দকার মাহবুবের বক্তব্য সঠিক নয়। মহামান্য হাইকোর্টের একটি অবজারভেশন (পর্যবেক্ষন) রয়েছে, সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে হলে কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হয়। কিন্তু তারা অনুমতি নেয়নি। এজন্য পুলিশ এখানে কোনো সমাবেশ করতে দেবে না।
আইনজীবীদের আটক প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ায় সাময়িকভাবে তাদের আটক রাখা হয়েছে।
[b]ঢাকা, এমএইচ,২৪মে(টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]