হযরত মুহাম্মদ (সা.) ও হজ সম্পর্কে বিরূপ মন্তব্যকারী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও বিচার দাবিতে ২৬ অক্টোবর হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামী দলসমূহ।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান এ ঘোষণা দেন।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, ইসলাম ও হজ নিয়ে কটূক্তি করার দায়ে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের জন্য বারবার আল্টিমেটাম দিলেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তাই ঈমান রক্ষার তাগিদে ২৬ অক্টোবর রোববার দেশবাসীকে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বান জানাচ্ছি।  

 

এর আগে লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার দাবিতে ১৫ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দেয় সম্মিলিত ইসলামী দল।

 

ওই সময়ে গ্রেফতার না হওয়ায় ফের ২২ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দিয়ে ২৬ অক্টোবর হরতালের হুমকি দেয় সংগঠনটি।

 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের পদ হারানো লতিফ সিদ্দিকী বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন।

 

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে মামলা করা হয়েছে। কয়েকটি মামলায় তার প্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

জেএ