রাজধানীর মিরপুরে বিআরটিএর কার্যালয়ে অস্থায়ীভিত্তিতে কর্মরত সিল মেকানিক মো. শাহিন ও মো. সুলতান মাহমুদের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১২ জুলাই) দুপুরে বিআরটিএর কার্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে বিআরটিএর চেয়ারম্যানকে তাদের নিয়োগ বাতিলের এ নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রীর নিকট সেবাগ্রহীতারা সিল মেকানিক মো. শাহিন ও মো. সুলতান মাহমুদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন। এ সময় তিনি এই অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক তাদের নিয়োগ বাতিলের নির্দেশ দেন।

এ ছাড়া যথাযথ নিয়ম মেনে এবং সততার সাথে যানবাহনের বিভিন্ন ধরনের সেবা প্রদানে বিআরটিএর কর্মচারীদের নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা তদন্তপূর্বক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমই