আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেছেন, আপনার ছেলে কোকোর সন্তানদের পরীক্ষার জন্য মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছেন। আপনার (খালেদা জিয়া) নাতির ভবিষ্যৎ নিয়ে আপনি বিচলিত, অথচ এ দেশের লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না। এতে আপনার লজ্জা হয় না। দেশের মানুষ আপনাকে এখন বিএনপির নয়, সন্ত্রাসের নেত্রী হিসেবে ভাবেন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরান বাজার ওয়াসা ভবনের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত ২০ দলের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে আবারও চক্রান্ত শুরু করেছে বিএনপি নেত্রী খালেদা জিয়া। তথা-কথিত হরতাল অবরোধের নামে খালেদা জিয়া বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, কিন্তু বাংলার ১৬ কোটি মানুষ তার (খালেদা জিয়া) এই স্বপ্ন কখনো বাস্তবায়ন করতে দিবে না।

ইউটিউবে খালেদা জিয়ার একটি সংলাপ প্রকাশ পেয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, সেখানে দেখা গেছে চট্রগ্রামে সমাবেশের নাম করে নাশকতা চালানোর জন্য বিএনপি নেতা চট্রগ্রাম মহানগরের সভাপতি আমির খসরু মাহমুদকে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমির খসরু এতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে খালেদা জিয়া সভাপতিকে ডিঙ্গিয়ে বিএনপি নেতা গোলাম আকবরকে ফোন করেছিলেন এ কাজের নির্দেশ দিয়েছিলেন। এতেই প্রমাণিত হয় সারাদেশে যত পেট্রোলবোমা মারা হচ্ছে। এর হুকুমদাতা খালেদা জিয়া।

তিনি বলেন, তারেক রহমান হাওয়া ভবন সৃষ্টি করে এদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল। বাংলাদেশ পর পর ৫ বার দূর্নীতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারাই বাঙ্গালী জাতির কপালে এই কালিমা লিখে দিয়ে ছিলেন।

সংগঠনের কার্যেকরী সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষায়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ- সম্পাদক নারায়ন দেব নাথ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

এমআর/ এআর