বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পুত্রবধূকে রাজনৈতিক তালিম দিচ্ছেন দিন, কিন্তু রাজনৈতিক তালিমের নামে পেট্রোল বোমা হামলার তালিম শেখাবেন না।’
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন দাবি করেন। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ঢাকা মহানগর দক্ষিণ এ আলোচনা সভার আয়োজন করে।
প্যারিসে সন্ত্রাসী হামলায় দুঃখ প্রকাশ করে হাছান মাহমুদ বলেন, ‘প্যারিসে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা ও বাংলাদেশে সাম্প্রতিক সকল হামলাগুলো প্রায় একই রকমের। তবে দুঃখের বিষয় হচ্ছে তাদের দেশে সন্ত্রাসী হামলার সঙ্গে তাদের প্রধান বা বিরোধী রাজনৈতিক দলগুলো জড়িত থাকে না। কিন্তু বাংলাদেশে যেসব সন্ত্রাসী হামলা হয়, তার সঙ্গে ২০ দলীয় জোট জড়িত থাকে।’
তিনি বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া যখন বক্তব্য দেন, তখন তাদের জঙ্গি নেতারা বলেন বেশ বেশ। কিন্তু খালেদা বলেন, আমার সাথে কোনো জঙ্গির সম্পর্ক নেই।’
কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়নকে রুখতে পারবে না উল্লেখ করে হাছান আরো বলেন, ‘তথ্য-প্রযুক্তির দিক থেকে এ দেশকে আমরা এগিয়ে নিয়েছি। বাংলাদেশের মোবাইল ব্যাংকিং ব্যবস্থা থেকে উন্নয়নশীল দেশগুলোর অনেক কিছু শেখার আছে।’
এসময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ইন্টারনেট ব্যবহারের সংখ্যা প্রায় চার কোটি হয়। কিন্তু আমাদের আগে যারা রাষ্ট্রের দায়িত্বে ছিল তাদের সময়ে এই ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা ছিল মাত্র ২০ লাখ।’
সংগঠনের সভাপতি বাচ্চু শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয় প্রমুখ।
এমএইচ/এআই





