নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার হরতাল-অবরোধ বিএনপি ও ২০ দলীয় জোটও কেউই মানছে না। তারপরও তিনি হরতাল-অবরোধ বন্ধ করবেন না। কারণ তিনি আপোসহীন নেত্রী। আর আপোসহীন নেত্রী বলেই তিনি মানুষ হত্যা করেন। তাই আমরা বলি: জাতীয়তাবাদী দল, মানুষ মারার কল।’
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর হোসেন চৌধুরী মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাহান খান বলেন, ‘প্রধানমন্ত্রী পারতেন বিএনপির নাশকতার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে। তারপরেও তিনি যথেষ্ট ধৈর্য ধরে এগুচ্ছেন। যারা সন্ত্রাস করছে তাদের তিনি আইনের আওতায় নিয়ে আসছেন। আর এ সন্ত্রাসীদের সরকার বা পুলিশ দিয়ে দমন করা সম্ভব নয়। তাই আমাদের গণআন্দোলন সৃষ্টি করতে হবে।’
এসময় বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাবির সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদের সমালোচনা করে তিনি বলেন, ‘এমাজ উদ্দিন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক উপাচার্য ও একজন রাষ্ট্রবিজ্ঞানী হয়ে কীভাবে প্রকৃত বাস্তব ঘটনা তুলে না ধরে পক্ষপাতিত্ব করছেন। তিনি বলেছেন, ‘আজ দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র চুরি হয়ে গেছে, আইনের শাসন নেই, মানবধিকার হারিয়ে গেছে।’ তাই আমরা জিজ্ঞাস করতে চাই, গণতন্ত্র কাদের জন্য? যার সন্ত্রাসী করছে, তাদের জন্য? সন্ত্রাসীদের জন্য কোনো গণতন্ত্র নেই। যারা পেট্রোল মেরে মানুষ হত্যা করছে তারা কি মানবধিকার রক্ষা করছে? এ কথাটা আমরা তার কাছে রাখতে চাই।’
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের পরিচালক আব্দুল মালেক মিয়া, মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ডের সভাপতি ইসহাক খান, দেশ টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক আছাব মাহমুদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাবি শাখার সভাপতি সোহন সিরাজ।
জেআই





