বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের সভানেত্রীসহ নেতারা নানা কথা বলেন। আর আমাদের নেতা তারেক রহমান তার জবাব দেন। তখন আপনাদের সেই কথা গায়ে লেগে যায়। কথায় আছে না, ইট মারলে পাটকেল খেতে হয়।’

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের সদর উপজেলার মুক্তারপুরে ২০-দলীয় জোটের জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মিসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

হাসানুল হক ইনুকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘তথ্যমন্ত্রী, তিনি সব সময় খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেন। জনাব ইনু সাহেব, আপনি আপনার চেহারা আয়নায় দেখুন। ১৯৭১ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আপনার ভূমিকা কী ছিল?’

পূর্ব রাজাবাজারে টিভি উপস্থাপক ও ধর্মীয় আলেম নুরুল ইসলাম ফারুকীর হত্যা প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘পূর্ব রাজাবাজারে একজন আলেমকে জবাই করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই সরকারের সময় কেউ নিরাপদ নয়। সাংবাদিক সাগর-রুনীকেও নৃশংসভাবে হত্যা করা হয়।’

মির্জা ফখরুল ইসলাম বর্তমান আওয়ামী লীগ সরকারকে ‘অবৈধ ও অনৈতিক সরকার’ উল্লেখ করে বলেন, ‘এই সরকার কেবল বন্দুকের নল দিয়ে টিকে আছে। তাদের পায়ের তলায় মাটি নাই।’

বিএনপির এই নেতা বলেন, এ সরকারের লোকজন গত পাঁচ বছরে যে দুর্নীতি করেছে, তার হিসাব দিতে হবে। ব্যাংক থেকে প্রতিদিন ঋণ নেওয়ার নামে টাকা তুলে ব্যাংক খালি করে ফেলছে। অর্থনীতির মূল চালিকাশক্তি ব্যাংকিং খাতকে তারা ধ্বংস করে দিচ্ছে।

মির্জা ফখরুল বলেন, আন্দোলনের মাধ্যমে এই ‘অবৈধ’ ও ‘অনৈতিক জুলুমবাজ’ সরকারকে বিতাড়িত করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

সকাল ১০টার দিকে শুরু হয়ে ২০-দলীয় জোটের এ কর্মিসভা চলে বেলা দুইটা পর্যন্ত। কর্মিসভায় ২০-দলীয় জোটের মুন্সিগঞ্জ জেলার ছয়টি উপজেলা ও দুটি পৌরসভার নেতা ও দলীয় কর্মীরা অংশ নেন।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ