আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনেও ব্যর্থ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রোববার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির বোর্ড সভায় এ মন্তব্য করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, বিএনপির অভ্যন্তরে কোনো গণতন্ত্র নেই। তাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত। নির্বাচনে অংশ নিয়ে নিজেদের শক্তি প্রমাণ দিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, সরকার পতন আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত তিনবার আল্টিমেটাম দিয়ে সরকারের কিছুই করতে পারেনি তারা।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার, শিক্ষা, বিদ্যুৎ সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিশ্বব্যাংকও স্বীকার করেছে, বাংলাদেশ অভাবনীয় উন্নয়ন অর্জন করেছে। কিন্তু এরপরও আমরা যখন রাস্তায় বের হই, সেখানে দেখি শৃঙ্খলা নেই, পরিবহনের শৃঙ্খলায় ঘাটতি। এগুলো নিয়ে আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে। আপনারা কেন সচেতন হবেন না? এত উন্নত জাতি, যেটা সমৃদ্ধির দিকে এগোচ্ছে।
এবিএস





