রংপুর জেলায় জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার মিঠাপুকুর, পীরগাছা ও তারাগঞ্জ উপজেলায় এই অভিযান চালায় পুলিশ।
এসময় বিভিন্ন মামলার ৩৩ জন আসামিকেও গ্রেফতার করা হয় বলে পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে।
রংপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম  জানান, মিঠাপুকুর উপজেলা থেকে আনিসুর রহমান, আতুল কাদের, মজনু, দলিলুর রহমান, আব্দুর রাজ্জাক, জাকির হোসেন, তৈয়ব আলী, শামীম রেজা, রবিউল ইসলাম, শাহাবুল, বিপুল, সোবহান ও আনসার আলীকে এবং পীরগাছা উপজেলা থেকে রফিক, আব্দুল লতিফ, সাইদুর রহমান ও নূর আলমকে গ্রেফতার করা হয়েছে। এরা জামায়াত-শিবিরের নেতাকর্মী।
এছাড়া তারাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান বাবলুকে গ্রেফতার করা হয়েছে বলে জানান শরিফুল ইসলাম।
তিনি জানান, এদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, নাশকতা সৃষ্টি, রাস্তার গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
জিজ্ঞাসাবাদ করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]