বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের চেয়ে জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যাকরা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, জিয়াউর রহমানের সহযোগিতায় সেনা সদস্যরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এরপর বঙ্গবন্ধুর খুনের চেয়ে জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার লাশও পাওয়া যায়নি। আমার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় তার কবর আছে। সেখানে কেউ যায় না। দু, একদিন গেলেও নিজেদের মধ্যে ঝগড়া করে।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টারস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে দেশরত্ন সেবক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপির রাজনীতি সব সময়ই ষড়যন্ত্রের। স্বাধীনতা বিরোধীদের নিয়ে বেগম খালেদা জিয়া মানুষ হত্যা করেছেন।তার হাত থেকে নিরীহ ড্রাইভারও রক্ষা পায়নি। তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা দেশকে থাইল্যান্ড এর মত করতে চায়।
তিনি বলেন, গুম, খুনের সঙ্গে খালেদা জিয়া ও তাদের সহযোগি স্বাধীনতা বিরোধীদের সম্পৃক্ততা রয়েছে। শুধু গুম-খুন নয়, মানুষ হত্যাসহ সব অপরাধের দায়ে তার (খালেদা) বিচার হবে।
বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের কারণে বিএনপিতে আজ পচন ধরেছে। তাদের সঙ্গ ত্যাগ করে সুস্থ রাজনীতিতে ফিরে আসুন।
সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মাহনগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, শিক্ষক নেতা শাহ আলম সাজু, আওয়ামী লীগ নেতা জিএম আতিক প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]