বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে। এটি পূর্বপরিকল্পিত একটি ষড়যন্ত্রের অংশ।

শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করে মন্ত্রিত্ব টেকাতেই খালেদা জিয়াকে প্রাণনাশের হুমকি দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ইনুকে ‘সন্ত্রাসীদের গডফাদার’ ও তার বক্তব্য ‘দাগী আসামিদের’ মতো বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ৪ জুলাই ইসকন মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে ইনুর দেয়া বক্তব্যটি প্রোজেক্টরে সম্প্রচার করা হয়। এতে দেখা যায়, ইনু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার তুলনামূলক বক্তব্য দিচ্ছেন এবং এক পর্যায়ে ‘খালেদা জিয়াকে পৃথিবী থেকে দূর করতে হবে’ বলে উস্কানিমূলক মন্তব্য করে বসেন।

খালেদা জিয়াকে সরাসরি জীবননাশের হুমকিতে ইনুর বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের আইনবিদরা এ নিয়ে পরামর্শ করছেন। পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, রোজার পরে আন্দোলনের ডাক দেয়ায় ক্ষমতাসীনরা দিশেহারা হয়ে পড়েছে। তারা ভীত হয়ে এই রমজান মাসেও বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে।

মন্ত্রীরা চাকরি বাঁচাতে সব কিছু করছেন অভিযোগ করে রিজভী বলেন, অমল-ধবল ক্ষমতার জন্য, নিজের পাতে ক্ষমতার ঝোল ঢালতে কত কিছুই না করছে সরকার।

এ সময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, দলের শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছানাউল্লাহ মিয়া, ধর্ম-বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা. ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ