আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আওয়ামী লীগ করে না। কারণ, দেশের ক্ষমতার মালিক বিদেশিরা নয়, বরং মালিক হলো দেশের জনগণ। সুতরাং ক্ষমতায় বসাতে হলে বসাবে দেশের জনগণ।

আজ মঙ্গলবার (১৬ মে) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল মনে করছেন পশ্চিমারা তাদেরকে (বিএনপি) ক্ষমতায় বসাতে পারবে। সে কারণে ঘন ঘন তাদের দুয়ারে ধর্না দিচ্ছেন। নালিশ করছেন, লবিস্ট নিয়োগ করছেন। আওয়ামী লীগের এবং শেখ হাসিনার কোনো লবিস্ট নেই। বিদেশিরা এসে ক্ষমতায় বসিয়ে দেবে, এমন কোনো অসম্ভব চিন্তা শেখ হাসিনা করেন না।

তিনি আরও বলেন, নায়ক ফারুক অনেক ভালো কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। তার বেশকিছু কাজ আমার অনেক ভালো লেগেছে। তিনি ভালো লাগার মতোই একজন নায়ক ছিলেন। তার লাইফটা ছিল কালারফুল। একদিকে ভালো নায়ক অন্যদিকে ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ।

এবিএস