মিয়ানমারে মুসলিম হত্যা মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজীত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। 

সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মো. দেলোয়ার হোসেন, মো. জাকির হোসেন, অধ্যাপক মো. আলমগীর হোসেন, মোল্লা নজরুল ইসলাম, অধ্যাপক আবু সাইদ, সাহাদাৎ হোসেন, অধ্যক্ষ আবদুর রহমান, অধ্যাপক আবদুল হাকিম, রকিবুল ইসলাম রিপন, অধ্যাপক কাজী মাইনউদ্দিন, অধ্যাপক মনোয়ার হোসেন রানা, অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

সেলিম ভূঁইয়া বলেন, মায়ানমারের রাখাইন রাজ্যে যেভাবে মানুষ পুড়িয়ে ও জবাই করে হত্যা করা হচ্ছে তা মঙ্গল নেতা চেঙ্গিস খান ও হালাকু খানকেও হার মানিয়েছে। মেয়েদেরকে ধর্ষণ করে পুড়িয়ে দেয়া হচ্ছে, গর্ভবতী নারীদের পেটে পাড়া দিয়ে সন্তান ভূমিষ্ঠ করে মা ও সন্তানকে পুড়িয়ে দিয়েছে। ছোট শিশুদের গলাটিপে হত্যা ও জীবন্ত শিশুদের পানিতে ডুবিয়ে মারার দৃশ্য কোনভাবেই সহ্য করা যায় না। লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলিমরা এখনও বন-জঙ্গলে লুকিয়ে আছে। এখন বন-জঙ্গল গান পাউডার দিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে। এই অমানবিক দৃশ্য সহ্য করা যায় না।

তিনি বলেন, রোহিঙ্গা মুসলিমদের রক্ষার জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের রক্ষায় শিক্ষক সমাজ যুদ্ধ করতেও প্রস্তুত আছে বলে জানান তিনি।

অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বার্মার জঙ্গী বিমান অন্যায়ভাবে ১৭ বার বাংলাদেশে প্রবেশ করার তীব্র নিন্দা জানান।  

জারিফ